কুলাউড়ায় পুনরায় যোগদান করছেন ওসি বিনয়, তথ্যটি গুজব
বার্তালোক ডট কম
প্রকাশিত হয়েছে : ০৭ ডিসেম্বর ২০২৪, ৮:৫০ মিনিট
কুলাউড়া প্রতিনিধি : কুলাউড়া থানার বর্তমান ওসি মো: গোলাম আপছারকে গত ৪ ডিসেম্বর বদলীর আদেশ দেন পুলিশ হেডকোয়ার্টার্স। তাঁর স্থলাভিষিক্ত হিসেবে পুনরায় ওসি হিসেবে কুলাউড়া থানার সাবেক ওসি ও বর্তমানে সিলেট টুরিস্ট পুলিশে কর্মরত বিনয় ভূষণ রায় দায়িত্ব পাচ্ছেন মর্মে এমন তথ্য দিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে কিছু লোক প্রচার করছেন। এমন তথ্য গত দুইদিন ধরে সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ ভাইরাল হয়েছে। পুনরায় যোগদানের খবরটি ভাইরাল হলে তাকে নিয়ে ব্যাপক মিশ্র প্রতিক্রিয়া শুরু হয়েছে। এমন গুজবের বিষয়টি দৃষ্টিগোচর হয় বিনয় ভূষণ রায়ের। তথ্যটি নিশ্চিত হতে অনেকেই তাঁর সাথে যোগাযোগ করছেন। এতে তিনি বিব্রতবোধ করছেন।
৭ ডিসেম্বর রাত সাতটায় মুঠোফোনে তিনি জানান, কুলাউড়ায় ওসি হিসেবে ফের যোগদানের বিষয়টি সম্পূর্ণ মিথ্যা, গুজব ও কাল্পনিক। আমি বর্তমানে সিলেট টুরিস্ট পুলিশে কর্মরত আছি। তাই আমাকে কুলাউড়ায় দায়িত্ব দেয়া হচ্ছে এমন গুজবে কেউ কান না দেয়ার জন্য সম্মানিত কুলাউড়াবাসীকে অনুরোধ জানাচ্ছি। তবে কর্তৃপক্ষ আমাকে যেখানে পদায়ন করবে আমি সেখানে নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করবো।
উল্লেখ্য, বিনয় ভূষণ রায় এর আগে কুলাউড়া থানায় অফিসার ইনচার্জ, ওসি (তদন্ত), এসআই হিসেবে দায়িত্ব পালন করেছেন। দীর্ঘসময় কুলাউড়ায় দায়িত্ব পালন করে তিনি বেশ জনপ্রিয়তা অর্জন করেছেন। গত ৫ আগস্টের পর কিছু দিন কুলাউড়ায় ওসি হিসেবে দায়িত্ব পালন করে কুলাউড়া থেকে টুরিস্ট পুলিশে বদলী হন।




