কুলাউড়ার টিলাগাঁও ইউনিয়নের বাগেরটেকি এলাকার রেললাইনে ঝাঁপ দিয়ে মৃত্যুবরণ করলেন পারুল বেগম
নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত হয়েছে : ২৬ মে ২০২৪, ১২:১৮ মিনিট
কুলাউড়া প্রতিনিধি : কুলাউড়ায় ট্রেনের নিচে কাটা পড়ে পারুল বেগম (৪০) নামে এক নারী নিহত হয়েছেন। সরেজমিনে উপস্থিত হয়ে দেখা যায় রেললাইনে প্রায় তিনশোগজ পর্যন্ত ছড়িয়ে ছিটিয়ে পড়েছিল খন্ডিত দেহাবশেষ। প্রত্যক্ষদর্ষী স্থানীয়দের ধারণা পারুল আত্মহত্যা করেছেন। শনিবার (২৫ মে) বিকাল ৩টার দিকে উপজেলার টিলাগাঁও ইউনিয়নের বাগেরটেকি এলাকার রেললাইন থেকে নিহতের মরদেহ উদ্ধার করে শ্রীমঙ্গলের রেলওয়ে পুলিশ।
নিহত পারুল বেগম উপজেলার রাউৎগাঁও ইউনিয়নের চৌধুরীবাজার এলাকার বাসিন্দা মো.ফারুক মিয়ার স্ত্রী। প্রায় মাস খানেক আগে তাদের বিয়ে হয় বলে জানিয়েছে পুলিশ।
স্থানীয় সুত্রে জানা যায় পারুল বেগম বর্তমান স্বামী মো.ফারুক মিয়ার সাথে বিবাহ বন্ধনের পূর্বে বিবাহিত ছিলেন তিনি, তার সাবেক (মৃত) স্বামীর ঘরে দুই মেয়ে ও এক ছেলে সন্তান রয়েছে। তাদের রেখে তিনি নতুন করে বিবাহ বন্ধনে আবদ্ধ হন।

শ্রীমঙ্গল রেলওয়ে থানার উপপরিদর্শক (এসআই) মো. হেমায়েত হোসেন বলেন, ঢাকা থেকে সিলেটের উদ্দেশ্যে ছেড়ে আসা আন্তঃনগর পারাবত এক্সপ্রেস ট্রেন দুপুর ১২টার দিকে বাগেরটেকি এলাকায় পৌঁছলে ট্রেনের নিচে ঝাঁপ দেন পারুল বেগম। এতে তার পুরো দেহ খন্ড খন্ড হয়ে ঘটনাস্থলেই মৃত্যু হয়।
তিনি আরও বলেন, ধারণা করা যাচ্ছে- পারিবারিক কলহের কারণে পারুল বেগম ট্রেনের নিচে ঝাঁপ দেন। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।




