কুলাউড়ায় (টিসিবি) পণ্য বিক্রিতে অনিয়ম জনতার রোশানলে অবরুদ্ধ ডিলার
নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত হয়েছে : ০৮ ডিসেম্বর ২০২৩, ১২:৩১ মিনিট
কুলাউড়া প্রতিনিধি: ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ (টিসিবি) এর পণ্য ন্যায্যমূল্যে কুলাউড়া উপজেলার পৃথিমপাশা ইউনিয়নে বিক্রয় করতে এতে অনিয়ম করায় জনতার রোশানলে অবরুদ্ধ হলেন ডিলার, আইন শৃংখলা বাহিনীর উপস্থিতিতে পরিস্থিতি স্বাভাবিক হয়।
(৭ ডিসেম্বর) সকাল ১০টা থেকে মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার পৃথিমপাশা ইউনিয়নে পূর্ব নির্ধারিত তারিখ অনুযায়ী টিসিবি’র পণ্য বিক্রয় শুরু করেন সরবরাহকারী প্রতিষ্ঠান মেসার্স তমা এন্ড ব্রাদার্স। পণ্য বিক্রয়ের নির্ধারিত সময় বিকাল ৪ ঘটিকা পর্যন্ত পৃথিমপাশা ইউনিয়নের নির্ধারিত ৮২৭ জন কার্ডধারীর মধ্যে ৫৯২ জন ৪৭০ টাকা করে টিসিবি’র প্রতিটি প্যাকেজ সংগ্রহ করেন। নির্ধারিত সময়ের পর অবশিষ্ট ২৩৫ প্যাকেজ পণ্য কার্ডধারী না আসায় ডিলার ফেরত নিয়ে যাওয়ার প্রাক্কালে উপস্থিত প্রায় পাঁচ শতাধিক জনতার রোশানলে পড়েন ডিলার। এসময় সাধারণ মানুষ উপস্থিত সকলের মধ্যে অবশিষ্ট পণ্যগুলো বিক্রয় করে যাওয়ার জন্য বিক্ষোভ শুরু করে ডিলার ও পণ্যবাহী ট্রাককে ইউনিয়ন পরিষদের ভেতরে প্রায় দুই ঘন্টা অবরুদ্ধ করে রাখেন। খবর পেয়ে সন্ধ্যা ৬ ঘটিকায় কুলাউড়া উপজেলা নির্বাহী অফিসার খোন্দকার মাহমুদুর রহমান ঘটনাস্থলে র্যাব ও পুলিশের একটি টিমকে নিয়ে এসে অবরুদ্ধ ডিলারকে উদ্ধার করেন এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।

পণ্য ক্রয় করতে উপস্থিত স্থানীয় মোঃ সালাউদ্দিন সহ উপস্থিত জনগণ জানান, দীর্ঘদিন থেকে পৃথিমপাশা ইউনিয়নে টিসিবি’র পণ্য ক্রয় করতে এসে আমরা পাই না।
টিসিবি’র ডিলার মেসার্স তমা এন্ড ব্রাদার্সের স্বত্তাধিকারী মো. আব্দুল আহাদ জানান, টিসিবি’র মালামাল নিয়মমাফিক নির্ধারিত সময়ে কার্ডধারীদের মধ্যে বিতরণ করি। অবশিষ্ট ২৩৫ প্যাকেজ মালামাল ইউএনও স্যারের নির্দেশে পরবর্তী দিনে বিক্রয়ের জন্য গুদামঘরে নিয়ে যাওয়ার প্রাক্কালে উপস্থিত কিছু উচ্ছৃঙ্খল লোকজন আমার কর্মচারীকে লাঞ্চিত করে জোরপূর্বক ট্রাক থেকে মালামাল ছিনিয়ে নিয়ে যায়। আমি নিয়মের বাইরে গিয়ে কার্ডবিহীন লোকজনের কাছে টিসিবি’র পণ্য বিক্রি করতে পারি না।

কুলাউড়া উপজেলা নির্বাহী অফিসার খোন্দকার মাহমুদুর রহমান বলেন, টিসিবি’র পণ্য বিক্রয়ে কোন অনিয়ম হয়েছে কিনা তদন্ত করে ব্যবস্থা নেব। ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি শান্ত করি এবং অবশিষ্ট মালামাল পরবর্তী দিন কার্ডধারীদের মধ্যে বিক্রয়ের জন্য ইউনিয়ন পরিষদে রাখা হয়।




