সিলেটে সিমের মেয়াদের নামে গ্রাহক ভোগান্তি বন্ধের দাবিতে গণজমায়েত
বার্তালোক ডট কম
প্রকাশিত হয়েছে : ১২ আগস্ট ২০২৬, ২:০৭ মিনিট
বিশেষ প্রতিনিধি : গ্রাহকদের অজান্তে ডাটা ও টকটাইমের মেয়াদ শেষ করার নামে মোবাইল সিম কোম্পানিগুলোর প্রতারণা ও অব্যবস্থাপনা বন্ধের দাবিতে সিলেটের প্রাণকেন্দ্র চৌহাট্টা পয়েন্টে এক গণজমায়েত অনুষ্ঠিত হয়েছে।
আজ অনুষ্ঠিত এই গণজমায়েতে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ লেবার পার্টির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক কবি দেওয়ান মতিউর রহমান খাঁন।
তিনি তাঁর বক্তব্যে বলেন, “সিম কোম্পানিগুলো মেয়াদের বাহানা দিয়ে সাধারণ গ্রাহকদের কষ্টার্জিত টাকা ও মেগাবাইট কেটে নিয়ে প্রতিনিয়ত শোষণের রাজত্ব তৈরি করেছে। ইন্টারনেটের অব্যবহৃত ডাটা ফেরত না দিয়ে গ্রাহকদের ওপর যে বৈষম্যমূলক নীতি চাপিয়ে দেওয়া হচ্ছে, তা অবিলম্বে বন্ধ করতে হবে।
সমাবেশে উপস্থিত সাধারণ জনগণ ও বিভিন্ন সংগঠনের প্রতিনিধিরা দ্রুত সিম কোম্পানিগুলোর মেয়াদের অজুহাতে ডাটা বাজেয়াপ্তকরণ বন্ধসহ গ্রাহকবান্ধব নীতি প্রণয়নের জন্য বিটিআরসি (BTRC)-র হস্তক্ষেপ দাবি করেন। অন্যথায় ভবিষ্যতে আরও কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেন বক্তারা।



