কুলাউড়ায় জাতীয় সমবায় দিবস উদযাপন
বার্তালোক ডট কম
প্রকাশিত হয়েছে : ০৫ নভেম্বর ২০২৩, ৩:৪১ মিনিট
নিজস্ব প্রতিবেদক : মৌলভীবাজারের কুলাউড়ায় জাতীয় সমবায় দিবস উদযাপন করা হয়েছে। শনিবার (৪ নভেম্বর) দুপুরে উপজেলা প্রশাসন ও সমবায় বিভাগের আয়োজনে উপজেলা পরিষদ সভাকক্ষে আলোচনাসভা, শ্রেষ্ঠ সমবায়ীদের মধ্যে পুরস্কার বিতরণ, পতাকা উত্তোলন ও বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাহমুদুর রহমান খোন্দকার। সভাপতির বক্তব্যে তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সোনার বাংলা গঠনে সমবায়ের বিকল্প নেই। নিজেদের আর্থ-সামাজিক উন্নয়নের পাশাপাশি স্মার্ট বাংলাদেশ গঠনের স্বপ্ন বাস্তবায়নে সমবায়ীদের অগ্রণী ভূমিকা রাখার আহবান জানান তিনি।
সহকারী সমবায় কর্মকর্তা মো. বরকত উল্লার পরিচালনায় ‘সমবায়ে গড়ছি দেশ, স্মার্ট হবে বাংলাদেশ’ বিষয়ক আলোচনায় স্বাগত বক্তব্য রাখেন উপজেলা সমবায় কর্মকর্তা সোনামোহন বিশ্বাস।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ফাতেহা ফেরদৌস চৌধুরী পপি, উপজেলা কৃষি কর্মকর্তা মো. জসিম উদ্দিন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সৌমিত্র কর্মকার, দারিদ্র বিমোচন কর্মকর্তা আনোয়ার হোসেন, কুলাউড়া এনআরবিসি ব্যাংকের পিএলসি ম্যানেজার এনাম উদ্দিন, ইউসিসিএর চেয়ারম্যান মো. সাইফুল ইসলাম প্রমুখ।
সমবায়ীদের মধ্যে বক্তব্য রাখেন জেলা কেন্দ্রীয় বহুমুখী সমবায় সমিতির সভাপতি মো. ছয়ফুর রহমান ছয়ফুল, সাবেক সভাপতি মইনুল ইসলাম শামীম, হাকালুকি সঞ্চয় ঋণদান সমিতির সভাপতি আব্দুল মালিক ও রূপালী ক্ষুদ্র ব্যবসায়ী সমবায় সমিতির সভাপতি শাহিন মিয়া।
সভাশেষে উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ সমবায়ী জেলা কেন্দ্রীয় বহুমুখী সমবায় সমিতির সভাপতি মো. ছয়ফুর রহমান ছয়ফুলকে ক্রেস্ট প্রদান করা হয়। সভার পূর্বে জাতীয় পতাকা ও সমবায়ী পতাকা উত্তোলনের পর এক বর্ণাঢ্য র্যালি উপজেলা পরিষদ এলাকা প্রদক্ষিণ করে।




