কুলাউড়া সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়ন নির্বাচনে সহ-সাধারণ সম্পাদক পদে বাবলুর প্রার্থিতা ঘোষণা
বার্তালোক ডট কম
প্রকাশিত হয়েছে : ২৯ অক্টোবর ২০২৬, ২:৩৬ মিনিট
কুলাউড়া প্রতিনিধি: মৌলভীবাজারের কুলাউড়া উপজেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়ন (১২২৩)-এর আসন্ন নির্বাচনে সহ-সাধারণ সম্পাদক পদে প্রার্থিতা ঘোষণা করেছেন বাবলু। শ্রমিকদের অধিকার আদায়, কল্যাণমূলক কর্মকাণ্ড ও দীর্ঘদিনের সাংগঠনিক অভিজ্ঞতাকে পুঁজি করে নির্বাচনে শ্রমিকদের সমর্থন প্রত্যাশা করছেন তিনি।
শ্রমিক সংগঠনের সঙ্গে দীর্ঘদিন ধরে সম্পৃক্ত বাবলু শ্রমিকদের কাছে একজন পরীক্ষিত, শ্রমিকবান্ধব ও রাজপথের লড়াকু নেতা হিসেবে পরিচিত বলে তাঁর সমর্থকেরা জানিয়েছেন। শ্রমিকদের সুখে-দুঃখে পাশে থাকা এবং বিভিন্ন সংকটে সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়াই তাঁর নেতৃত্বের অন্যতম বৈশিষ্ট্য বলে তাঁরা উল্লেখ করেন।
সংশ্লিষ্টদের ভাষ্য অনুযায়ী, শ্রমিকদের বিভিন্ন সমস্যা সমাধানে বাবলু গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। চুরি হওয়া গাড়ি উদ্ধারে সহযোগিতা, পুলিশের অনাকাঙ্ক্ষিত হয়রানি বন্ধে উদ্যোগ এবং অসুস্থ ও মানসিক ভারসাম্যহীন শ্রমিক সুমনের সুস্থতার জন্য সহযোগিতাসহ বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে তিনি যুক্ত ছিলেন। এ ছাড়া প্রবীণ শ্রমিক হাসান ভাইয়ের চোখের দৃষ্টিশক্তি ফিরিয়ে আনতে চিকিৎসাসহায়তা প্রদানের ক্ষেত্রেও তিনি ভূমিকা রেখেছেন বলে তাঁর সমর্থকেরা জানিয়েছেন।
সাংগঠনিক কার্যক্রমেও বাবলুর রয়েছে দীর্ঘ অভিজ্ঞতা। তিনি কুলাউড়া উপজেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়ন (১২২৩)-এর সাবেক ১ নম্বর সদস্য, জেলা পর্যায়ে সাবেক ১ নম্বর সদস্য এবং উপজেলা শাখার সাবেক সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করেছেন। বর্তমানে তিনি একই সংগঠনের সহ-সাধারণ সম্পাদক পদে প্রার্থী হয়েছেন।
নির্বাচনে বিজয়ী হলে শ্রমিকদের ন্যায্য অধিকার আদায়, বিপদে-আপদে পাশে থাকা এবং সংগঠনের কার্যক্রমকে আরও গতিশীল করার প্রত্যাশা ব্যক্ত করেছেন তাঁর সমর্থকেরা।
আসন্ন নির্বাচনকে সামনে রেখে কুলাউড়া উপজেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের সর্বস্তরের শ্রমিকদের দোয়া, সমর্থন ও সহযোগিতা কামনা করেছেন বাবলু। শ্রমিকদের কল্যাণে তাঁর দীর্ঘদিনের অভিজ্ঞতা ও কর্মকাণ্ড বিবেচনায় নিয়ে তাঁকে সমর্থন দেওয়ার আহ্বান জানিয়েছেন তাঁর শুভাকাঙ্ক্ষীরা।



