সিলেটে বিস্ফোরক মামলার আসামী মুন্না এখন জেলহাজতে
বার্তালোক ডট কম
প্রকাশিত হয়েছে : ০২ নভেম্বর ২০২৪, ৯:৪৬ মিনিট
বিশেষ প্রতিনিধি: পুলিশের হাতে গ্রেপ্তারের পর ফিনল্যান্ড প্রবাসী সাজ্জাদুর রহমান মুন্না এখন জেলহাজতে৷ এরআগে বুধবার রাত ১১টায় সিলেট নগরীর শিবগঞ্জ এলাকার একটি বাসায় অভিযান চালিয়ে মুন্নাকে আটক করে কোতায়ালি থানা পুলিশ। ৩১ অক্টোবর বৃহস্পতিবার সকালে পুলিশ তাকে কোর্টে প্রেরন করলে বিজ্ঞ আদালত মুন্নার জামিন আবেদন নামঞ্জুর করে জেলহাজতে প্রেরণ করেন।
মুন্নার বিরুদ্ধে কোতোয়ালি থানায় বিস্ফোরক আইনে মামলা রয়েছে বলে জানায় পুলিশ। মুন্না মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার ব্রাহ্মণবাজার ইউনিয়নের চকের গ্রামের বাসিন্দা হীরা মিয়ার ছেলে৷
জানা যায়, সাজ্জাদুর রহমান মুন্নার বিরুদ্ধে অর্থ পাচার সহ নানা অভিযোগ রয়েছে। তার বিরুদ্ধে সবচেয়ে বড় অভিযোগ সাবেক পররাষ্ট্রমন্ত্রী ড. আব্দুল মোমেনের অবৈধ আয়ের অর্থ ফিনল্যান্ড পাচার এবং সেই অর্থ ব্যবসা প্রতিষ্ঠান খুলে দেয়া। সাবেক মন্ত্রী মোমেন এখন ফিনল্যান্ড আছেন এবং তাকে ফিনল্যান্ড রেখেছেন সাজ্জাদুর রহমান মুন্না। ফিনল্যান্ডে মুন্নার তত্বাবধানে ব্যবসা করছেন সাবেক মন্ত্রী মোমেন।
এদিকে ৪ আগস্ট চারাদিঘীরপাড় এলাকায় আওয়ামীলীগের চিহ্নিত সন্ত্রাসীরা গুলি বোমা নিয়ে হামলা চালালে যুবদল নেতা আলাল গুলিবিদ্ধ হয়ে দৃষ্টিশক্তি হারায়। পরে আলাল বাদী হয়ে ১১৮ জনের বিরুদ্ধে মামলা করেন। সেই মামলার অন্যতম আসামি মুন্না।
গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জিয়াউল হক জানান, মুন্নার বিরুদ্ধে থানায় বিস্ফোরক আইনে মামলা রয়েছে। তাকে গ্রেফতারের পর বৃহস্পতিবার সকালে আদালতে প্রেরণ করা হলে আদালত তার জামিন নামঞ্জুর করে তাকে জেলহাজতে প্রেরণ করেন।
সূত্র : বাংলাদেশ প্রতিদিন




