‘প্রস্তুত হও’ পোস্টারে আতঙ্ক, পুলিশ বলছে বিজ্ঞাপন
বার্তালোক ডট কম
প্রকাশিত হয়েছে : ১৯ অক্টোবর ২০২৩, ১০:৫২ মিনিট
সিলেট অফিস :গাঢ় সবুজ রঙের পোস্টারে আঁচড়ের দাগের মতো চারটি ধনুক সাদৃশ্য রেখা। নিচে লেখা, ‘প্রস্তুত হও’। এর নিচে তারিখ দেওয়া, ‘৩১.১০.২০২৩’। এটুকুই। সিলেট নগরের বিভিন্ন এলাকায় দেয়ালে, বিদ্যুতের খুঁটিতে সাঁটানো এমন পোস্টারে নগরজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। নানা শঙ্কাও উঁকি দিয়েছে অনেকের মাঝে। তবে এতে আতঙ্কিত না হতে সাধারণ মানুষকে আহ্বান করেছে পুলিশ। তারা বলেছে, ‘এটি একটি বিজ্ঞাপনী পোস্টার।
পোস্টারের পাশাপাশি অনলাইনে এ সংক্রান্ত একটি ভিডিও ছড়িয়ে পড়েছিল। এতে দেখা গেছে, রাতের অন্ধকারে হেলমেট পরা এক ব্যক্তি পোস্টারের চিহ্নের মতোই রেখা আঁকছেন দেয়ালে। পাশ দিয়ে যাওয়া এক পথিক তার কাছে দেয়ালে আঁকিবুঁকির কারণ জানতে চান। তখন হেলমেট পরা সেই ব্যক্তি ‘স্মোক স্প্রে’ করে পালিয়ে যান।
এমন ভিডিও কন্টেন্ট ও দেয়ালের রহস্যময় পোস্টারে শহরজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে। সিলেট মহানগর পুলিশের উপকমিশনার আজবাহার আলী শেখ বলেন, ‘সিলেটের বিমানবন্দর এলাকার একটি বিনোদন কেন্দ্র গেম চালু করেছে। এর বিজ্ঞাপনের জন্যই শহরজুড়ে এমন পোস্টার সাঁটানো হয়েছে। এর সঙ্গে অশুভ কোনো গোষ্ঠীর সম্পর্ক নেই। এ রকম পোস্টারের বিষয়ে কর্তৃপক্ষকে সতর্ক করা হয়েছে।




