নির্বাচন নিয়ে চ্যালেঞ্জ মোকাবিলায় র্যাব প্রস্তুত : মহাপরিচালক
বার্তালোক ডট কম
প্রকাশিত হয়েছে : ১২ সেপ্টেম্বর ২০২৩, ৫:২৮ মিনিট
ডেস্ক রিপোর্ট : দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে যেকোনো চ্যালেঞ্জ মোকাবিলায় র্যাব প্রস্তুত আছে বলে জানিয়েছেন এলিট ফোর্সটির মহাপরিচালক এম খুরশীদ হোসেন।
আজ মঙ্গলবার (১২ সেপ্টেম্বর) ব্রাহ্মণবাড়িয়ায় র্যাবের নতুন একটি ক্যাম্প উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এমন মন্তব্য করেন তিনি।
র্যাব মহাপরিচালক বলেন, ‘জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণার পর নির্বাচন কমিশনের অধীনে থাকবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। উনারা যেভাবে পরিচালনা করেন, আমরা সেভাবে দায়িত্ব পালন করবো। কিন্তু আমাদের দায়িত্ব মূলত এটাই হবে, সাধারণ মানুষজন যেন কেন্দ্র গিয়ে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেন।’
তিনি বলেন, ‘আইনশৃঙ্খলা নিশ্চিত করার দায়িত্ব আমাদের, আমরা সেটা দৃঢ়ভাবে করবো। এসব চ্যালেঞ্জ মোকাবিলা করতে আমরা মানসিকভাবে তৈরি আছি।’
এম খুরশীদ হোসেন বলেন, ‘আমরা এ দেশের সন্তান। এ দেশ আমাদের, এ দেশের জনগণ আমাদের। আমরা বঙ্গবন্ধুর আদর্শকে বিশ্বাস করি, বঙ্গবন্ধু দেশকে ভালোবেসেছেন; আমরা তারই অনুসারী। আমরা দেশকে ভালোবাসি, মানুষকে ভালোবাসি। মানুষের নিরাপত্তা দেওয়া দায়িত্ব আমাদের।’
এ সময় উপস্থিত ছিলেন র্যাবের অতিরিক্ত মহাপরিচালক (অপারেশন) কর্নেল মাহাবুব আলম, ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসক শাহগীর আলম, ব্রাহ্মণবাড়িয়া সরকারি মহিলা কলেজের প্রিন্সিপাল এএসএম শফিকুল্লাহ, পুলিশ সুপার শাখাওয়াত হোসেন, জেলা পরিষদ চেয়ারম্যান আল মামুন সরকার প্রমুখ।
পরে এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য দেন র্যাব মহাপরিচালক এম খুরশীদ হোসেন।




