কুলাউড়ায় পুলিশের অভিযানে ইয়াবাসহ আটক-১
বার্তালোক ডট কম
প্রকাশিত হয়েছে : ০৫ সেপ্টেম্বর ২০২৩, ৬:৪০ মিনিট
কুলাউড়া প্রতিনিধি ঃ কুলাউড়া থানা পুলিশের বিশেষ অভিযানে ৩৫৫ পিস ইয়াবাসহ কয়েছ মিয়া (৪০) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। মঙ্গলবার (৫ সেপ্টেম্বর) ভোরে কুলাউড়ার উত্তর কৌলা এলাকায় অভিযান পরিচালনা করে আসামিকে আটক শেষে জেলহাজতে প্রেরণ করে পুলিশ। আটককৃত কয়েছ উপজেলার রাউৎগাঁও ইউনিয়নের উত্তর কৌলা গ্রামের মৃত আলমাছ মিয়ার ছেলে।
জানা যায়, গোপন সংবাদের ভিতিত্তে কুলাউড়া থানার এসআই আতিকুল ইসলাম খন্দকার, এসআই বিদ্যুৎ পুরকায়স্থ সঙ্গীয় অফিসার ফোর্সের সহায়তায় রাউৎগাঁও ইউনিয়নের উত্তর কৌলা গ্রামের কয়েছ মিয়ার বাড়িতে অভিযান পরিচালনা করে তাকে আটক করা হয়। এসময় তার ঘরে তল্লাশি করে একটি প্লাস্টিকের কৌটার ভেতর থেকে পলিথিনে মোড়ানো অবস্থায় ৩৫৫ পিস গোলাপি রঙের ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়।
কুলাউড়া থানার ওসি মোঃ আব্দুছ ছালেক জানান, আটককৃত কয়েছের বিরুদ্ধে মৌলভীবাজার জেলার বিভিন্ন থানায় চুরি, মাদকসহ ৭টি মামলা বিচারাধীন রয়েছে। তাকে মঙ্গলবার দুপুরে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।




