কুলাউড়ায় পূর্ব শত্রুতার জের ধরে সন্ত্রাসী হামলায় আহত ৩
বার্তালোক ডট কম
প্রকাশিত হয়েছে : ২৭ আগস্ট ২০২৪, ৭:০৫ মিনিট
কুলাউড়া প্রতিনিধি : মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার ভাটেরা ইউনিয়নের (২৬ আগস্ট) সোমবার পূর্ব বিরোধের জের ধরে সন্ত্রাসী হামলায় ৩ জন আহত হয়েছেন। এ ব্যাপারে কুলাউড়া থানায় মামলা দায়ের হলে ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে বাজিদ মিয়া (৫৯) কে আটক করেছে পুলিশ।
থানায় দায়েরকৃত অভিযোগ থেকে জানা যায়, ভাটেরা ইউনিয়নের তুলাপুর গ্রামে পূর্ব বিরোধের জের ধরে তুলাপুর গ্রামের সুনা মিয়ার ছেলে রাসেল আহমদ (৩০), মৃত আব্দুল মজিদের ছেলে গনি মিয়া (৩৬) ও আব্দুল হান্নান (৩৪) মৃত কনা মিয়ার ছেলে চান মিয়া (৫৫), আব্দুল হামিদ দুলা (৫০) ও সুনা মিয়া (৫৮), মেন্দি মিয়া ছেলে রাহী আহমদ (২১) ও রাজু মিয়া (২৫), চান মিয়ার ছেলে মোঃ আব্দুল্লাহ (২২), কনাই মিয়ার ছেলে বাজিদ (৫৯), সুনা মিয়ার মেয়ে লিপি বেগম (৩৪), মেন্দি মিয়ার স্ত্রী রেজিয়া বেগম (৪২) বাজিদ মিয়ার ছেলে হিরন আহমদ ও আব্দুল হামিদ দুলার স্ত্রী স্বপ্না বেগম (৪৮) দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে আজাদ আহমদের (৪৩) উপর হামলা চালায়। এসময় আজাদ আহমদের চিৎকারে এগিয়ে এলে ছালেক মিয়া (৩৬) ও রাজা মিয়া (৪১) সন্ত্রাসীদের হামলা আহত হন।
স্থানীয় লোকজন আহতদের উদ্ধার করে কুলাউড়া হাসপাতালে ভর্তি করেন। আহতদের মধ্যে আজাদ মিয়ার মাথায় পিঠে ও পায়ে গুরুতর জখম হয়েছে। তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে মৌলভীবাজার সদর হাসপাতালে ও পরে সিলেট ওসমানী হাসপাতালে প্রেরণ করা হয়।
এ ঘটনায় আজাদ আহমদের ভাই অলীদ আহমদ বাদি হয়ে কুলাউড়া থানায় একটি মামলা (নং ১৫ তারিখ তারিখ ২৬/০৮/২৪) দায়ের করেন।
কুলাউড়া থানার অফিসার ইনচার্জ বিনয় ভুষণ রায় জানান, ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে একজনকে আটক করা হয়েছে। বাকি আসামীদের গ্রেফতারের চেষ্টা চলছে।#




