কুলাউড়ায় দুই অধ্যক্ষকে অব্যাহতি
বার্তালোক ডট কম
প্রকাশিত হয়েছে : ১৪ আগস্ট ২০২৪, ৮:৫১ মিনিট
কাওছার আহমদ, স্টাফ রিপোর্টারঃ
মৌলভীবাজার জেলার কুলাউড়ায় ইয়াকুব তাজুল মহিলা ডিগ্রি কলেজের অধ্যক্ষ সিপার উদ্দিন আহমদ ও আলী আমজদ স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মো. আব্দুল কাদিরকে অব্যাহতি দেওয়া হয়েছে।
মঙ্গলবার (১৩ আগস্ট) রাত ১০টার দিকে কলেজ গভর্নিংবডির সভাপতি সৌম্য প্রদীপ ভট্টাচার্য সজল এ বিষয়টি নিশ্চিত করে বলেন, শিক্ষার্থীদের দাবির প্রেক্ষিতে মঙ্গলবার রাত ৮টার দিকে কলেজে গভর্নিং বডির জরুরি সভা ডাকা হয়। সভায় কলেজ ক্যাম্পাসে শান্তি-শৃঙ্খলা বজায় রাখার স্বার্থে অধ্যক্ষ সিপার উদ্দিন আহমদকে অব্যাহতি দেওয়া হয়। এ সময় কলেজের হিসাব বিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান সহকারী অধ্যাপক শাহ গিয়াস উদ্দিনকে ভারপ্রাপ্ত অধ্যক্ষের দায়িত্ব দেওয়া হয়েছে।
সভায় উপস্থিত ছিলেন, কলেজ গভর্নিং বডির সদস্য মো. ফজলুল হক, মনির উদ্দিন আহমদ, খালেদ পারভেজ বক্স প্রমুখ।
এর আগে গত ১১ আগস্ট সকাল থেকে দুপুর পর্যন্ত টানা ৪ ঘণ্টা কলেজ ক্যাম্পাস ও সড়ক অবরোধ করে অধ্যক্ষ সিপার উদ্দিন আহমদকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বিরোধীতাকারী ও স্বৈরাচারি সরকারের পৃষ্ঠপোষক অ্যাখা দিয়ে শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল ও সমাবেশ করে। একপর্যায়ে তারা কলেজের সবকটি কক্ষ ও অফিস রুম তালাবদ্ধ করে দেয়। পরে সকল শিক্ষার্থীরা গণস্বাক্ষর নিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবরে অধ্যক্ষ সিপার উদ্দিন আহমদের পদত্যাগের দাবিতে স্মারকলিপি প্রদান করেন। এতে শিক্ষার্থীদের দাবির সঙ্গে সম্মতি জানিয়ে কলেজে থাকা শিক্ষকরাও স্মারকলিপিতে স্বাক্ষর করেন।
এদিকে, আলী আমজদ স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মো. আব্দুল কাদিরকে অভ্যাহতি দেওয়া হয়েছে।
১৩ আগস্ট (মঙ্গলবার) রাত ৮টার দিকে কলেজ পরিচালনা পর্ষদের সভাপতি নবাব আলী নকি খাঁন বিষয়টি নিশ্চিত বলেন, শিক্ষার্থীদের দাবির প্রেক্ষিতে বিকেলে কলেজে পরিচালনা পরিষদের জরুরি সভা ডেকে কলেজ ক্যাম্পাস শান্ত রাখার স্বার্থে অধ্যক্ষ মো. আব্দুল কাদিরকে অভ্যাহতি দেওয়া হয়। এ সময় কলেজের সহপ্রধান শিক্ষক শশাঙ্ক শেখর গোস্বামীকে ভারপ্রাপ্ত অধ্যক্ষের দায়িত্ব দেওয়া হয়।
এর আগে সকাল থেকে দুপুর পর্যন্ত কলেজ ক্যাম্পাস ও সড়কে শিক্ষার্থীরা অধ্যক্ষ মো. আব্দুল কাদিরকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বিরোধীতাকারী এবং স্বৈরাচারি সরকারের পৃষ্ঠপোষক অ্যাখা দিয়ে মো. আব্দুল কাদিরকে অধ্যক্ষকের পদ থেকে পদত্যাগের দাবিতে মানববন্ধন করে।
উল্লেখ্য, গত ৮ জুলাই ইয়াকুব তাজুল মহিলা ডিগ্রি কলেজের অধ্যক্ষের দায়িত্ব গ্রহণ করেন সিপার উদ্দিন আহমদ। এর আগে ২০১৭ সাল থেকে তিনি ভাটেরা ডিগ্রি কলেজের অধ্যক্ষ হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি শিক্ষকতার পাশাপাশি কুলাউড়া পৌরসভার মেয়র ও উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদকের দায়িত্বে রয়েছেন। অধ্যক্ষ মো. আব্দুল কাদির শিক্ষকতার পাশাপাশি উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি ও উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদকের দায়িত্বে রয়েছেন।




