তারেক-জোবাইদার রায় কালবৈশাখীর ঝড়ে উড়ে যাবে : রিজভী
বার্তালোক ডট কম
প্রকাশিত হয়েছে : ০২ আগস্ট ২০২৩, ৯:১৯ মিনিটঅনলাইন ডেস্ক : বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী অভিযোগ করে বলেছেন, বিএনপির সমাবেশে জনতার ঢল দেখে শেখ হাসিনা ভয়ে তারেক রহমান ও ডা. জোবাইদা রহমানের বিরুদ্ধে ফরমায়েশি রায় দিতে বাধ্য করেছেন। এই রায় সম্পূর্ণ রাজনৈতিক উদ্দেশ্যমূলকভাবে দেওয়া হয়েছে।
আজ বুধবার (২ আগস্ট) বিকেলে তারেক রহমান ও জোবাইদা রহমানকে আদালতের দেওয়া সাজার প্রতিবাদে নয়াপল্টনে আয়োজিত বিক্ষোভ সমাবেশে তিনি এ কথা বলেন।
তিনি বলেন, শেখ হাসিনার নির্দেশে বিচারকরা তারেক রহমান ও ডা. জোবাইদা রহমানের বিরুদ্ধে যে ফরমায়েশি রায় দিয়েছেন তা কালবৈশাখী ঝড়ে উড়ে যাবে।
এই রায় দেশের জনগণ প্রত্যাখ্যান করেছে। সমাবেশ বিএনপির ভাইস চেয়ারম্যান বরকতউল্লাহ বুলু বলেন, দেশের গণতন্ত্র নিয়ন্ত্রণের কারণে শেখ হাসিনার বিচার হবে একদিন এই দেশের মাটিতে। শেখ হাসিনাকে হটিয়ে গণতন্ত্র ফিরিয়ে আনতে হবে।
বিক্ষোভ মিছিলে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক আব্দুস সালাম, উত্তরের আহ্বায়ক আমান উল্লাহ আমান, বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, বিএনপি চেয়ারপারসনের বিশেষ সহকারী শামসুর রহমান শিমুল বিশ্বাস, যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন, স্বেচ্ছাসেবকবিষয়ক সম্পাদক মীর সরফত আলী সপুসহ বিভিন্ন থানা ও ওয়ার্ড বিএনপির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।




