কুলাউড়ায় বিদ্যুৎস্পৃষ্ঠে প্রবাসীর মৃত্যু
বার্তালোক ডট কম
প্রকাশিত হয়েছে : ২৪ জুলাই ২০২৩, ৭:৪০ মিনিটকুলাউড়া প্রতিনিধি: মৌলভীবাজারের কুলাউড়ায় বিদ্যুতের লাইন ছিড়ে তারেক মিয়া (৩৫) নামে এক প্রবাসীর মৃত্যু হয়েছে। রোববার (২৩ জুলাই) দুপুর ১ টার দিকে পৌরশহরের ৯ নং ওয়ার্ডের লস্করপুর এলাকায় এ ঘটনাটি ঘটে। তারেক ওই এলাকার মৃত আব্দুল হান্নানের পুত্র ও দুবাই প্রবাসী।
স্থানীয় সূত্রে জানা যায়, তারেক রোববার দুপুরে মাছ শিকারের জন্য বাড়ির পার্শ্ববর্তী একটি জলাশয়ে যান। সেখানে রাস্তার পাশে গাছের সাথে বাঁধা পিডিবির বৈদ্যুতিক সঞ্চালন লাইন ছিড়ে তারেকের ওপর পড়ে বিদ্যুস্পৃষ্ঠ হন তিনি। স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে কুলাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগে নিয়ে গেলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। নিহত তারেক মধ্যপ্রাচ্য’র দুবাইতে থাকতেন। সম্প্রতি তিনি ছুটি কাটাতে দেশে এসেছিলেন। আগামী মাসে দুবাইতে ফেরার কথা ছিল। কিন্তু তিনি প্রবাসে যেতে পারলেন না। তার মৃত্যুতে পরিবারে চলছে শোকের মাতম। পরিবারে স্ত্রী ছাড়াও ১ বছরের এক ছেলে সন্তান রয়েছে।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) ডা. জাকির হোসেন জানান, বিদ্যুৎস্পৃষ্ট তারেককে তার স্বজনরা হাসপাতালে নিয়ে আসার আগেই সে মারা গেছে।




