মৌলভীবাজার সদর মডেল থানা সুত্রে জানা যায়, গত ২২ জুন সকালে মৌলভীবাজার শহরের দর্জির মহল এলাকার জনৈক তাহমিদুল ইসলামের মোবাইল ব্যাংকিং এর দোকান থেকে অজ্ঞাত ২/৩ জন ব্যক্তি নগদ এজেন্ট একাউন্টের পিন কোড ব্যবহার করে ১৫ হাজার টাকা ‘সেন্ড মানি’ করে চলে যায়। এজেন্ট একাউন্ট থেকে টাকা গায়েবের ঘটনায় সন্দেহ হলে দোকানের সিসি ক্যামেরা দেখে দোকান মালিক জালিয়াত চক্রের দুই জনকে শনাক্ত করে। পরবর্তীতে মৌলভীবাজার সদর থানা পুলিশ সিসি ক্যামেরা এবং তথ্যপ্রযুক্তির সাহায্যে দুইজনকে গ্রেপ্তার করতে সক্ষম হয়।
এব্যাপারে মৌলভীবাজার সদর থানার অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্) মোহাম্মদ সারোয়ার আলম জানান, এই চক্রের সদস্যরা দীর্ঘদিন থেকে মৌলভীবাজারে বিকাশের মাধ্যমে জালিয়াতি করে আসছে। তারা মোবাইল রিচার্জ বা বিকাশে টাকা পাঠানোর অজুহাতে বিভিন্ন দোকানে যায় এবং সেখানে কৌশলে বিকাশ বা নগদের এজেন্ট নাম্বারের গোপন পিন কোড তারা সংগ্রহ করে। পরবর্তীতে এই পিন কোড ব্যবহার করে এজেন্ট নাম্বার থেকে তাদেরই চক্রের সদস্যের নাম্বার ‘সেন্ড মানি’ করে টাকা হাতিয়ে নেয় ।
মৌলভীবাজার সদর থানার অফিসার ইনচার্জ কে এম নজরুল জানান, প্রাথমিকভাবে গ্রেপ্তারকৃতরা মোবাইল ব্যাংকিং জালিয়াতির সাথে জড়িত বলে স্বীকার করেছে। তাদেরকে সোমবার দুপুরে আদালতে সোপর্দ করা হয় এবং পলাতক অন্য আসামিদেরকেও আটক করার চেষ্টা চলছে।





