‘দ্রাবিড় কিংবদন্তি ক্রিকেটার; কিন্তু কোচ হিসেবে জিরো’!
বার্তালোক ডট কম
প্রকাশিত হয়েছে : ১০ জুন ২০২৩, ৪:২৯ মিনিট
খেলা ডেস্ক : বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে প্রবল চাপের মুখে আছে ভারত। অজিদের সঙ্গে তারা পেরে উঠছে না। তাদের ওপর নিঃসন্দেহে বিশাল টার্গেট চাপাতে যাচ্ছে অস্ট্রেলিয়া। ম্যাচটিতে ভারতীয় ক্রিকেট দলের কিছু বিস্ময়কর সিদ্ধান্ত নিয়ে বিশ্ব ক্রিকেটের মহলে তীব্র সমালোচনা হচ্ছে।
যেমন টস জিতে বোলিং নেওয়া, অশ্বিনকে একাদশে না রাখা ইত্যাদি। এ বিষয়ে পাকিস্তানের সাবেক ক্রিকেটার বাসিত আলীও ভারতীয় টিম ম্যানেজমেন্টের প্রবল সমালোচনা করেছেন।
দ্য ওভালে আগে ব্যাট করতে নেমে ট্রাভিস হেড ও স্টিভেন স্মিথের জোড়া সেঞ্চুরিতে ৪৬৯ রানের বিশাল স্কোর গড়ে অস্ট্রেলিয়া। জবাবে ভারতের প্রথম ইনিংস গুটিয়ে যায় মাত্র ২৯৬ রানে।
দ্বিতীয় ইনিংসেও ভালো ব্যাট করছে অস্ট্রেলিয়া। ম্যাচটি নিয়ে বাসিত আলী বলেছেন, ‘আমি রাহুল দ্রাবিড়ের বড় ভক্ত। আগেও ছিলাম, পরেও থাকব। ক্লাস প্লেয়ার, লিজেন্ড।
পাকিস্তানের সাবেক এই ক্রিকেটার আরো বলেছেন, ‘ভারত যে মুহূর্তে বোলিং করার সিদ্ধান্ত নিয়েছে সেই মুহূর্তেই তারা ম্যাচটা হেরে গেছে। আর বোলিংয়ের যে নমুনা তারা দেখিয়েছে, সেটা আইপিএল স্ট্যান্ডার্ড।
মধ্যাহ্ন বিরতির সময় ভারতীয় বোলারদের বেশ খুশি খুশিই দেখাচ্ছিল। মনে হচ্ছিল যেন ভারত ম্যাচ জিতে গেছে! অস্ট্রেলিয়াকে যেন তারা দ্রুত গুটিয়ে দেবে! এখন চতুর্থ ইনিংসে অলৌকিক কিছুর স্বপ্ন দেখা ছাড়া আর কিছু করার নেই। ১২০ ওভার ফিল্ডিং করল ভারত। কেবল দুই-তিনজন ফিল্ডারকেই ফিট বলে মনে হয়েছে―রাহানে, কোহলি ও জাদেজা। বাকিদের ক্লান্ত দেখিয়েছে।’




