যুক্তরাজ্যে মেয়র হলেন মৌলভীবাজারের দুই মেয়ে বাবরিন ও জোৎস্না
বার্তালোক ডট কম
প্রকাশিত হয়েছে : ২৮ মে ২০২৩, ৬:২৩ মিনিট
লন্ডন প্রতিনিধি : যুক্তরাজ্যে মেয়র নির্বাচিত হয়ে চমক দেখিয়েছেন মৌলভীবাজারের দুই মেয়ে বাবলিন মল্লিক ও জোৎস্না ইসলাম। গত ২৫ মে যুক্তরাজ্যের কার্ডিফ কাউন্টি কাউন্সিলের লর্ড মেয়র হিসেবে দায়িত্ব গ্রহণ করেন বাবলিন মল্লিক। অন্যদিকে গত ১৯ মে অনুষ্ঠিত রেড ব্রিজ কাউন্সিলের বার্ষিক ভার্চুয়াল সভায় জোৎস্না ইসলামকে লন্ডন বরো অব রেড ব্রিজের মেয়র হিসেবে দায়িত্ব দেয়া হয়।
ড. বাবলিন মল্লিক বাংলাদেশ আওয়ামীলীগের জাতীয় পরিষদ সদস্য, মৌলভীবাজার জেলা ছাত্রলীগের প্রতিষ্ঠাতা সভাপতি ও যুক্তরাজ্য ওয়েলস আওয়ামীলীগের প্রতিষ্ঠাতা সভাপতি মোঃ ফিরোজের মেয়ে। এই প্রথম দক্ষিণ এশিয়ার মধ্য থেকে মুসলিম নারী লর্ড মেয়র নির্বাচিত হওয়ায় শুভেচ্ছা ও অভিনন্দন জানান যুক্তরাজ্যে ওয়েলস আওয়ামীলীগের (কার্ডিফ) এর সাধারণ সম্পাদক এম. এ মালিক। বাঙালীদের জন্য আরেকটি অর্জন যোগ করলেন ড. বাবলিন মল্লিক।
এদিকে ব্রিটেনের মূল ধারার রাজনীতিতে জোৎস্না ইসলামের এই সাফল্যকে বাংলাদেশি নারীর বড় সাফল্য হিসেবে বলে মনে করছেন বাঙালি কমিউনিটির নেতারা। এর আগে ২০২১ সালের ২৯ এপ্রিল তিনি লন্ডন বরো অব রেড ব্রিজের ডেপুটি মেয়র নির্বাচিত হয়েছিলেন। তিনি মৌলভীবাজার সদর ইউনিয়ন একাটুনার আব্দুর রহমান মন্নাফ মিয়ার মেয়ে। জোৎস্না ইসলামের স্বামী সাম ইসলাম একই কাউন্সিলের কাউন্সিলর হিসেবে দায়িত্ব পালন করে আসছেন।
লন্ডনের কমিউনিটি নেতা মোহাম্মদ মকিস মনসুর বলেন, আমাদের মৌলভীবাজার জেলার গর্ব হলেন ডাঃ বাবলিন ও জোৎস্না ইসলাম। তারা দুজনে মেয়র নির্বাচিত হয়ে বাংলাদেশ কমিউনিটির মুখ উজ্জ্বল করেছেন।




