কুলাউড়ার কর্মধায় ২৫ মে ও ভাটেরায় ১২ জুন উপ-নির্বাচন
বার্তালোক ডট কম
প্রকাশিত হয়েছে : ০৯ মে ২০২৩, ৭:০৯ মিনিট
কুলাউড়া প্রতিনিধি : মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার কর্মধা ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডে ও ভাটেরা ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডে মেম্বার পদে উপ-নির্বাচনের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন। ঘোষিত তফসীল অনুযায়ী চলতি মাসের ২৫ মে কর্মধার ৬ নম্বর ওয়ার্ডের উপ-নির্বাচন এবং ভাটেরা ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডে উপ-নির্বাচন আগামী ১২ জুন ইভিএমের মাধ্যমে অনুষ্ঠিত হবে।
উপজেলা নির্বাচন অফিসার ও রিটার্নিং অফিসার মোঃ আহসান ইকবাল জানান, কর্মধা ইউনিয়নে ৬ নম্বর ওয়ার্ডে শূন্য পদে উপ-নির্বাচনে মোট ৪ জন প্রার্থী অংশ নিচ্ছেন। ২৫ মে কর্মধা ইউনিয়নের মনসুরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। এদিকে ভাটেরা ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের উপ-নির্বাচনে আগামী ১৭ মে বুধবার রিটার্নিং অফিসারের নিকট মনোনয়নপত্র দাখিল, ১৮ মে বৃহস্পতিবার বাছাই, ২৭ মে শনিবার প্রার্থিতা প্রত্যাহার ও ১২ জুন সোমবার ইসলামনগর সৈয়দ সাজিদ-পেয়ারা প্রাথমিক বিদ্যালয়ে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।
উল্লেখ্য, কর্মধা ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডে সদস্য মুজিবুল হক হারুন গত ৩১ জানুয়ারি আকস্মিক মৃত্যুবরণ হলে এই ওয়ার্ডটি শূন্য ঘোষনা করা হয়। অন্যদিকে ভাটেরা ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের মেম্বার শেখ বদরুল ইসলাম সিদ্দিকী মৃত্যুবরণ করায় পদটি শূন্য ঘোষণা করা হয়।




