বান্দরবানে ৮১ চোরাই গরু ‘আটক’
বার্তালোক ডট কম
প্রকাশিত হয়েছে : ০৪ মে ২০২৩, ৪:০১ মিনিটবিশেষ প্রতিনিধি, কক্সবাজার : বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সীমান্তের বিভিন্ন পয়েন্ট থেকে মিয়ানমার থেকে চোরাই পথে আসা ৮১টি গরু আটক করেছে বিজিবি। আজ বৃহস্পতিবার ভোর ৪টার দিকে সীমান্তের বিভিন্ন পয়েন্টে অভিযান চালিয়ে এসব গরু আটক করা হয়।
নাইক্ষ্যংছড়ি-১১ বিজিবি ব্যাটালিয়ন অধিনায়ক লে. কর্নেল মো. রেজাউল করিম জানান, বৃহস্পতিবার রাতে মিয়ানমার থেকে নাইক্ষ্যংছড়ির বিভিন্ন সীমান্ত দিয়ে চোরাই পথে গরু আসতে পারে এমন গোপন সংবাদের ভিত্তিতে বিজিবি সীমান্তে টহল জোরদার করে। ভোর ৪টা পর্যন্ত সময়ে ব্যাটালিয়ন সদর, লেম্বুছড়ি, ফুলতলী ও আশারতলী বিওপি কর্তৃক ৮১টি মিয়ানমারের গরু আটক করতে সক্ষম হয়। এর আগে গত পহেলা মে সীমান্তের একই এলাকা থেকে আরো ৯৫টি গরু আটক করা হয়েছিল। বিজিবি অধিনায়ক আরো জানান, চলতি বছরের জানুয়ারি থেকে এপ্রিল পর্যন্ত সময়ে ১১ বিজিবির অভিযানে আটককৃত গবাদিপশু নিলামে ১৬ কোটি টাকা সরকারি রাজস্ব আয় হয়েছে। সীমান্তে বিজিবির চোরাচালান বিরোধী অভিযান অব্যাহত থাকবে।




