কুলাউড়ায় ২৮০ দু:স্থ পরিবার পেল সেনাবাহিনীর খাদ্য সহায়তা
বার্তালোক ডট কম
প্রকাশিত হয়েছে : ১৯ এপ্রিল ২০২৩, ২:২৮ মিনিটকুলাউড়া প্রতিনিধি: মৌলভীবাজারের কুলাউড়ায় বাংলাদেশ সেনাবাহিনীর ১৭ পদাতিক ডিভিশনের উদ্যোগে পবিত্র রমজান মাস ও আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে ২৮০ দু:স্থ মানুষের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে। মঙ্গলবার (১৮ এপ্রিল) দুপুরে পৌর এলাকার লস্করপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে আয়োজিত বিতরনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ খাদ্যসামগ্রী বিতরণ করেন সিলেট সেনানিবাসের ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ হুমায়ুন কবির। এসময় উপস্থিত ছিলেন সিলেট সেনানিবাসের লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ ওয়াসিক বিল্লাহ, ক্যাপ্টেন নাজমুল আলম আবির, কুলাউড়া প্রেসক্লাব সভাপতি এম শাকিল রশীদ চৌধুরী, কুলাউড়া সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোছাদ্দিক আহমদ নোমান প্রমুখ।
সেনাবাহিনী সূত্রে জানা যায়, সেনাবাহিনী প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ এর দিকনির্দেশনায় এবং জেনারেল অফিসার কমান্ডিং, ১৭ পদাতিক ডিভিশন ও এরিয়া কমান্ডার, সিলেট এরিয়া মেজর জেনারেল চৌধুরী মোহাম্মদ আজিজুল হক হাজারী এর সার্বিক ব্যবস্থাপনায় সিলেট বিভাগের ৪ জেলার অসহায় মানুষের মাঝে এই খাদ্যসামগ্রী বিতরণ কর্মসূচি গ্রহণ করা হয়। এরমধ্যে কুলাউড়া সদর ইউনিয়নের ২৫০ পরিবার পেয়েছে এই খাদ্য সহায়তা।
ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ হুমায়ুন কবির জানান, সেনা সদস্যদের নিজেদের জন্য বরাদ্দকৃত রেশন হতে সমন্বয় করে সংগৃহীত এ খাদ্যসামগ্রীতে ছিল চাল, আটা, ডাল, তৈল, চিনি, লবন, চিনিগুড়া চাল, সেমাই, চা পাতা ও গুড়া দুধ।
উল্লেখ্য, প্রতি বছরই বাংলাদেশ সেনাবাহিনী জনহিতকর কাজের অংশ হিসেবে অসহায় মানুষের পাশে দাঁড়িয়ে থাকে।




