কুলাউড়ায় ভারতীয় ২৬ বস্তা চিনিসহ চোরাকারবারী গ্রেফতার
নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত হয়েছে : ২৮ মার্চ ২০২৪, ৯:৪৭ মিনিট
কুলাউড়ায় ভারতীয় ২৬ বস্তা চিনিসহ চোরাকারবারী গ্রেফতার
কুলাউড়া প্রতিনিধি: মৌলভীবাজারের কুলাউড়ায় ২৬ বস্তা চিনিসহ একটি টাটা পিকআপ ও জড়িত এক চোরাকারবারীকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃত আব্দুল জলিল বড়লেখা উপজেলার ইয়াকুব নগরের বাসিন্দা মৃত সজ্জাদ আলীর ছেলে।
পুলিশ জানায়, ভারতের বাজারে চিনির দাম কম থাকায় পাচারকারীরা লাভের আশায় সেগুলো বাংলাদেশে নিয়ে আসার চেষ্টা করছে।
কুলাউড়া থানা পুলিশ সূত্রে জানা যায়, ২৭ মার্চ বুধবার রাত আনুমানিক ১১ টা ১০ মিনিটের সময় বড়লেখা উপজেলার ইয়াকুব নগরের বাসিন্দা চোরাকারবারী ব্যবসায়ী আব্দুল জলিল চোরাই পথে ২৬ বস্তা চিনি একটি পিকআপে করে পাচার করছিল। এসময় গোপন সংবাদের ভিত্তিতে কুলাউড়া থানা পুলিশের একটি দল এস আই অপু দাস গুপ্তের নেতৃত্বে পৌর শহরের দক্ষিণবাজার এলাকায় অবস্থান নেয়। চিনি বোঝাই পিকআপ গাড়িটি দক্ষিণবাজার অতিক্রম করার সময় পিকআপ আটকে তল্লাসী করলে ভারতীয় ওইসব চিনির বস্তা পাওয়া যায়। পরে বৈধ কাগজপত্র দেখাতে না পারায় পিকআপসহ চিনি জব্দ করা হয় এবং সঙ্গে থাকা চোরাকারবারী আব্দুল জলিলকে গ্রেফতার করা হয়। ঘটনার সঙ্গে জড়িত রফিক মিয়া নামে ১ জন পালিয়ে যায়। পরে তাদের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের করেন এস আই অপু দাস গুপ্ত। এদিকে শহরের দক্ষিণবাজারের ব্যবসায়ী হারিছ মিয়ার ছেলে হানিফ মিয়াকে জড়িত সন্দেহে প্রথমে পুলিশ আটক করলেও পরে জিজ্ঞাসাবাদ করে তাকে ছেড়ে দেয়া হয়।
কুলাউড়া থানার ওসি মোহাম্মদ আলী মাহমুদ বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে পুলিশ ১ চোরাকারবারিকে চিনিসহ গ্রেপ্তার করে। তাদের বিরুদ্ধে মামলা ও ২৬ বস্তা চিনি জব্দ করা হয়েছে। গ্রেফতারকৃত আসামীকে আদালতে পাঠানো হয়েছে।




