বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একই পরিবারের পাঁচজনের মৃত্যু
বার্তালোক ডট কম
প্রকাশিত হয়েছে : ২৬ মার্চ ২০২৪, ১:৫১ মিনিট
কাওছার আহমদ, স্টাফ রিপোর্টারঃ
মৌলভীবাজার জেলার জুড়ী উপজেলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একই পরিবারের পাঁচজনের মৃত্যু হয়েছে। এবং আহত হয়েছে এক শিশু।
মঙ্গলবার (২৬ মার্চ) ভোরে জুড়ী উপজেলার পূর্ব জুড়ী ইউনিয়নের পূর্ব গোয়ালবাড়ি এলাকায় এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন টেলাগাড়ি চালক ফয়জুর রহমান (৫০), তার স্ত্রী শিরিন বেগম (৪৫), মেয়ে সামিয়া (১৫), সাবিনা (৯), ছেলে সায়েম উদ্দিন (৭)। আহত সোনিয়া আক্তার (১২) তাকে সিলেট এম এ জি ওসমানি হাসপাতালে পাঠানো হয়েছে।
পুলিশ ও স্থানীয়রা জানান, পূর্ব গোয়ালবাড়ি এলাকায় ফয়জুর রহমান পরিবারের ৬ সদস্যসহ একটি টিনের ঘরে বসবাস করতেন। ওই ঘরের উপর দিয়ে উচ্চ ভোল্টেজ ক্ষমতা সম্পন্ন ৩৩ হাজার কেভি পল্লী বিদ্যুতের লাইন। সেহরির পরে ঝড়-বৃষ্টি হলে বিদ্যুতের লাইন ছিড়ে ঘরের চালে পড়ে আগুন লেগে যায়।
এ ঘটনায় সোনিয়া আক্তার (৬) নামে এক শিশু আহত অবস্থায় উদ্ধার করে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
জুড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম মাইনুদ্দিন এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একই পরিবারের পাঁচজন মারা গেছেন। স্বজনদের আবেদনের পরিপ্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই তাদের কাছে লাশ হস্তান্তর করা হয়েছে।
ঘটনার পর জুড়ী উপজেলা নির্বাহী অফিসার নিশিকান্ত হাজং এবং অতিরিক্ত পুলিশ সুপার ঘটনাস্থল পরিদর্শন করেন।




