কুলাউড়া উপজেলা পরিষদ নির্বাচন আগামী ৮ মে
বার্তালোক ডট কম
প্রকাশিত হয়েছে : ২৩ মার্চ ২০২৪, ১:৫০ মিনিট

কাওছার আহমদ, স্টাফ রিপোর্টারঃ
প্রথম ধাপে কুলাউড়া উপজেলাসহ সারা দেশে ১৫২টি উপজেলায় তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন। সিলেট বিভাগের ১১টি উপজেলা পরিষদে নির্বাচন অনুষ্টিত হবে আগামী ৮ মে। সিলেট জেলার সদর, বিশ্বনাথ, গোলাপগঞ্জ ও দক্ষিণ সুরমা, সুনামগঞ্জ জেলার দিরাই ও শাল্লা, মৌলভীবাজার জেলার বড়লেখা-জুড়ি ও কুলাউড়া উপজেলা এবং হবিগঞ্জ জেলার আজমিরীগঞ্জ ও বানিয়াচং উপজেলা পরিষদ।
বৃহস্পতিবার (২১ মার্চ) আগারগাঁওয়ে প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়ালের সভাপতিত্বে নির্বাচন কমিশনের ২৯তম সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়।
সভাশেষে নির্বাচন কমিশনের অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ জানান, ঘোষিত তাফসিল অনুযায়ী মনোনয়নপত্র জমার শেষ তারিখ ১৫ এপ্রিল, মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ের তারিখ ১৭ থেকে ২০ এপ্রিল, মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ তারিখ ২২ এপ্রিল, প্রতীক বরাদ্দ ২৩ এপ্রিল এবং ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে ৮ মে।
প্রসঙ্গত, মে মাসে চার ধাপে দেশের ৪৮১টি উপজেলা পরিষদের নির্বাচন করবে ইসি। এরমধ্যে প্রথম ধাপের ভোটের তফসিল ঘোষণা করা হলো। ক্ষমতাসীন আওয়ামী লীগ ইতিমধ্যে জানিয়েছে যে এবার স্থানীয় সরকারের কোনও নির্বাচনে দলীয় প্রতীক দেওয়া হবে না।
সংশোধিত নির্বাচন পরিচালনা বিধিমালা অনুযায়ী এখন উপজেলা পরিষদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হতে কোনও সমর্থনসূচক তালিকা দেওয়ার প্রয়োজন নেই। এছাড়া এবছর প্রার্থীরা রঙিন পোস্টারও ছাপাতে পারবেন। প্রচারণার সময়ও পাচ্ছে বেশি। তবে প্রার্থী হতে নতুন বিধিমালায় জামানতের পরিমাণ বাড়ানো হয়েছে। নতুন বিধিমালা অনুযায়ী, উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করতে জামানত দিতে হবে, ১ লাখ টাকা। আর ভাইস চেয়ারম্যান পদে জামানত দিতে হবে ৭৫ হাজার টাকা।




