উত্তর কুলাউড়া উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা পুরস্কার বিতরণ ও দুই শিক্ষককে সংবর্ধনা
বার্তালোক ডট কম
প্রকাশিত হয়েছে : ২১ ফেব্রুয়ারি ২০২৫, ১০:৫৯ মিনিট
স্টাফ রিপোর্টার: উত্তর কুলাউড়া উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও অবসরপ্রাপ্ত সহকারী প্রধান শিক্ষক সালাহ উদ্দিন আজিজ এবং সহকারী শিক্ষিকা রায়হানা খাতুনকে বিদায় সংবর্ধনা প্রদান করা হয়েছে। ২০ ফেব্রুয়ারি বিদ্যালয়ের পক্ষ থেকে মিলনায়তনে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। উত্তর কুলাউড়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ মাহমুদুর রহমানের সভাপতিত্বে ও সিনিয়র শিক্ষক মোঃ হাফিজ উদ্দিনের উপস্থাপনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ও সহকারী কমিশনার ভূমি শাহ জহুরুল হোসেন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা একাডেমিক সুপারভাইজার মোঃ শফিকুল ইসলাম, সংবর্ধিত ব্যক্তিত্ব সহকারী প্রধান শিক্ষক সালাহ উদ্দিন আজিজ ও সহকারী শিক্ষিকা রায়হানা খাতুন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সাবেক সদস্য আজিজুল হক লবিব, সাবেক সদস্য খুর্শেদা বেগম। অনুষ্ঠানে শিক্ষকদের পক্ষ থেকে বক্তব্য রাখেন সিনিয়র শিক্ষক রুহুল আমিন, সিনিয়র শিক্ষক মনসুর আহমদ তালুকদার ও সহকারী শিক্ষক বাচ্চু মিয়া। শিক্ষার্থীদের পক্ষে বক্তব্য রাখে নবম শ্রেণির ফাতেমা জান্নাত তানহা ও গৌরব বর্ধন। অনুষ্ঠানের শুরুতে কোরআন তেলাওয়াত করে ওয়াহিদা তাসনীম মীম, গীতা পাঠ করে শান্ত শর্মা। বক্তারা প্রতিষ্ঠানের প্রতি বিদায়ী এই দুই শিক্ষকের অবদানের কথা তুলে ধরেন এবং কর্মময় জীবনের নানা স্মৃতিচারণ করেন। কর্মকালীন সময়ে তাঁদের কর্মদক্ষতা, আন্তরিকতা ও সততার ভূয়সী প্রশংসা করেন।




