অনিয়ম-দুর্নীতির অভিযোগে কুলাউড়া হাসপাতালে দুদকের অভিযান
বার্তালোক ডট কম
প্রকাশিত হয়েছে : ০৩ জানুয়ারি ২০২৪, ৫:৩৩ মিনিটকুলাউড়া (মৌলভীবাজার) প্রতিনিধি ঃ কুলাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অনিয়ম-দুর্নীতি ও অব্যবস্থাপনার অভিযোগে অভিযান পরিচালনা করেছে করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। ২ জানুয়ারি দুদকের হবিগঞ্জ সমন্বিত জেলা কার্যালয়ের সহকারী পরিচালক সাইফুর রহমানের নেতৃত্বে প্রায় পাঁচ ঘণ্টার এ অভিযান পরিচালনা করা হয়। দুদক টিম হাসপাতালের জরুরি বিভাগ, বর্হিবিভাগ, বিভিন্ন ওয়ার্ডের রোগী ও তাদের স্বজনদের সঙ্গে কথা বলেন।
দুদক সূত্র জানায়, হাসপাতালের চিকিৎসক ও কর্মচারীদের বিরুদ্ধে রোগীদের সেবা প্রদানে অবহেলা ও হয়রানি, ভর্তির সিট প্রদানে ঘুষ দাবি, বহির্বিভাগে টিকিট বিক্রয়ে নির্ধারিত টাকার চেয়ে বাড়তি অর্থ আদায়সহ বিভিন্ন অনিয়মের অভিযোগে হাসপাতালটিতে এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানকালে দুদকের টিম হাসপাতালের স্বাস্থ্য কর্মকর্তা ডা. ফেরদৌস আক্তারের সঙ্গে সাক্ষাৎ করে হাসপাতালের বিভিন্ন অনিয়ম-দুর্নীতির বিষয়টি তুলে ধরেন। হাসপাতালের স্বাস্থ্য কর্মকর্তা ডা. ফেরদৌস আক্তার বলেন, দুদকের প্রতিনিধি দল অভিযানে আসলে আমরা সহযোগিতা করেছি। তাদের যতটুকু তথ্য প্রয়োজন তারা সেগুলো নিয়ে গেছেন।
দুদকের হবিগঞ্জ সমন্বিত জেলা কার্যালয়ের উপ-পরিচালক মোজাম্মিল হোসেন বলেন, হাসপাতালে অভিযানকালে বিভিন্ন অভিযোগের সত্যতা পাওয়া যায়। বিষয়গুলো হাসপাতাল কর্তৃপক্ষকে জানানো হয়েছে। সেই সঙ্গে তদন্ত প্রতিবেদন আমরা ঢাকায় পাঠাবো। এরপর প্রধান কার্যালয়ের পরবর্তী নির্দেশমতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
দুদকের প্রতিনিধি দলের সদস্য ও হবিগঞ্জ সমন্বিত জেলা কার্যালয়ের উপ- সহকারী পরিচালক শাহীন কাওছার বলেন, অভিযানে হাসপাতালের আউটডোর ও জরুরী বিভাগে সরকার নির্ধারিত টাকার চেয়ে বাড়তি টাকা আদায়, কর্মকর্তা-কর্মচারীদের দায়িত্বে অবহেলার বিষয়টি এবং হাসপাতালের পরিবেশ অপরিচ্ছন্ন পাওয়া যায়।
উল্লেখ্য, কুলাউড়া হাসপাতালের বিভিন্ন অনিয়ম-দুর্নীতি, অব্যবস্থাপনার বিষয় নিয়ে বিভিন্ন গণমাধ্যমে একাধিক সংবাদ প্রকাশিত হয়। এরপর হঠাৎ করে দুদকের অভিযান হওয়ায় সামাজিক যোগাযোগ মাধ্যমে ভুক্তভোগীরা দুদকের অভিযানকে স্বাগত জানিয়েছেন।




