টাকার জন্য খুন করা টমটম চালককে, রিমান্ডে ঘাতকের স্বীকারোক্তি
বার্তালোক ডট কম
প্রকাশিত হয়েছে : ০৭ জুন ২০২৩, ৭:৩২ মিনিট
মৌলভীবাজার প্রতিনিধি : মৌলভীবাজারের রাজনগর উপজেলায় শাহাবুউদ্দিন (৩৫) নামে কুলাউড়ার সেই আলোচিত টমটম চালককে টাকার জন্য খুন করেছে ঘাতক রজব আলী। রিমান্ডে আনার পর পুলিশের জিজ্ঞাসাবাদে এমনটি জানায় ঘাতক রজব। এরআগে গত ৩ জুন ঘাতক রজব আলীকে কুলাউড়ার ব্রাহ্মণবাজার মিশন এলাকা থেকে গ্রেপ্তার করে জেলহাজতে প্রেরণ করে রাজনগর থানা পুলিশ। পরে ঘটনার মূল কারণ জানতে ঘাতককে রিমান্ডের জন্য আদালতের কাছে আবেদন করে পুলিশ। আদালত সেই রিমান্ড আবেদন মঞ্জুর করে। রিমান্ডে পুলিশের কাছে শাহাবুদ্দিনকে দা দিয়ে গলা কেটে হত্যার বিষয়টি স্বীকার করে ঘাতক রজব আলী।
৭ জুন বুধবার দুপুরে ঘাতক রজব আলীকে নিয়ে আসা হয় ব্রাহ্মণবাজার ইউনিয়নে। সেখানে যে কামারের দোকান থেকে শাহাবুউদ্দিনকে হত্যার জন্য দেশীয় অস্ত্র দা ক্রয় করা হয় সেই দোকানে এসে সে দা ক্রয় করার বিষয়টি স্বীকার করে রজব। এসময় এলাকার শত শত লোকজন ভীড় জমায়। তখন সে পুলিশের কাছে স্বীকার করে টাকার জন্য শাহাবুদ্দিনের টমটমটি সে ছিনতাই করার পরিকল্পনা করে। ঘটনার দিন ব্রাহ্মণবাজার থেকে রাজনগর উপজেলায় যাওয়ার কথা বলে শাহাবুউদ্দিনের টমটম গাড়িতে উঠে রজব আলী। পথিমধ্যে হাজীনগর চা-বাগান এলাকায় যাওয়া মাত্র চলন্ত টমটম গাড়িতে থাকাবস্থায় পেছন থেকে চালক শাহাবুউদ্দিনকে দা দিয়ে গলাকেটে নির্মমভাবে হত্যা করে ঘাতক রজব।
প্রসঙ্গত, গত ২৭ মে শনিবার সকালে রাজনগরের হাজীনগর চা বাগানে অজ্ঞাত এক ব্যক্তির লাশ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। পরে দুপুরে চা বাগান এলাকা থেকে টমটম চালক শাহাবুউদ্দিনের লাশ উদ্ধার করে রাজনগর থানা পুলিশ। শাহাবুউদ্দিন কুলাউড়া উপজেলার ব্রাহ্মণবাজার ইউনিয়নের হিঙ্গাজিয়া গ্রামের নিজাম উদ্দিনের ছেলে। এ ঘটনায় নিহত শাহাবুদ্দিনের পিতা বাদী হয়ে রাজনগর থানায় মামলা দায়ের করেন। হত্যাকান্ডের ঘটনাটি পুরো জেলা জুড়ে আলোচিত হয়।
রাজনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিনয় ভূষণ রায় বলেন, কুলাউড়ার ব্রাহ্মণবাজার থেকে রাজনগর এলাকা পর্যন্ত নিহত চালক নিয়মিত টমটম চালাতো। ঘটনার দিন শুক্রবার রাতে ঘাতক রজব আলী টাকার জন্য শাহাবুউদ্দিনকে গলা কেটে হত্যা করে মৃতদেহটি বাগানে ফেলে রেখে যায় এবং তার টমটম গাড়িটি ছিনিয়ে নিয়ে চলে যায়। তিনি আরো বলেন, রিমান্ডে আনার পর ঘাতক রজব আলী জানায়, সে নিহত শাহাবুদ্দিনের কাছ থেকে টমটমটি ছিনতাই করে নিয়ে ২২ হাজার টাকা বিক্রি করে দেয়। আমরা সেই গাড়িটি যারকাছে বিক্রি করেছে আমরা তাকে শনাক্ত করেছি এবং গাড়ি বিক্রির টাকা উদ্ধার করেছি।




